আরও এক মাস ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্বে থাকছেন মো. আছাদুজ্জামান মিয়া। এ সময়ের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশ জারি করে। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ১৪ আগস্ট ২০১৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে আছাদুজ্জামান মিয়া চুক্তিভিত্তিক নিয়োগে থাকবেন। ১৩ আগস্ট তার অবসর নেওয়ার কথা ছিল।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আগস্ট মাস ঘিরে নানা শঙ্কা থাকায় তাকে পরিবর্তনের চিন্তা-ভাবনা করেনি সরকার। ১৫, ১৭ ও ২১ আগস্টের মতো ঘটনার কথা বিবেচনায় এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে দেশে আসার পর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান। এ সময় তাকে চলতি মাসেও দায়িত্ব পালন করে যেতে বলেন প্রধানমন্ত্রী।