গৃহকর্মীকে মারধর করায় স্বামীর বকুনি ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ

রাজধানীর পূর্ব রামপুরা আব্দুল্লাহবাগ মসজিদ এলাকা থেকে তাসলিমা বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী জাহাঙ্গীর আলমের দাবি, গত মঙ্গলবার রাতে বাসার শিশু গৃহকর্মীকে মারধর করেন তার স্ত্রী। এতে তিনি স্ত্রীকে বকুনি দিয়েছিলেন। এরপর স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছে।

রামপুরা থানার ওসি আবদুল কুদ্দুছ ফকির বলেন, স্বজনরা ঘরের দরজা ভেঙে তাসলিমার লাশ উদ্ধার করে বলে পুলিশকে জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, তাদের বাসায় ৮-৯ বছর বয়সী এক শিশু গৃহকর্মী হিসেবে কাজ করে। মঙ্গলবার রাতে কোনো ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন তাসলিমা। এতে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে বকুনি দেন তিনি। এর পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তাসলিমা। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্ত্রীকে দেখতে পান তিনি।

ওসি আবদুল কুদ্দুছ ফকির বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’