যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ছয় পুলিশ আহত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিবিসি জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ ও এক পুরুষ বন্দুকধারীর মধ্যে গুলি বিনিময় শুরু হয়।

নিসটাউন-টিয়াগো এলাকায় পুলিশ একটি বাড়িতে মাদক তল্লাশির জন্য ওয়ারেন্ট নিয়ে যায়। ওই সময় এক ব্যক্তি গুলি ছুড়তে থাকে। আট ঘণ্টা কেটে গেলেও সশস্ত্র ব্যক্তিকে আত্মসমর্পণ করাতে পারেনি পুলিশ।

সোয়াটের একটি টিম ওই বাড়িতে আটকে পড়া দুই পুলিশ অফিসার ও তিন ব্যক্তিকে উদ্ধার করেছে।

পুলিশ কমিশনার রিচার্ড রস জানান, আত্মসমর্পণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে। বন্দুকধারী এখনো বেঁচে আছে। কারণ তার গুলির শব্দ শোনা যাচ্ছে।

তারপরও তাকে আত্মসমর্পণের জন্য ফোনকলের চেষ্টা করা হচ্ছে। সেখানে তার পরিবার ও আইনজীবী রয়েছে।

আহত ছয় পুলিশের জীবনের ঝুঁকি নেই বলে জানানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রস জানান, গুলির মুখে তাদের কেউ কেউ জানালা ও দরজা দিয়ে পালাতে সক্ষম হয়। কেউ নিহত না হওয়াকে তিনি অলৌকিক ঘটনা বলেও বর্ণনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা শতাধিক গুলির শব্দ শুনেছেন। এই সময়ে আশপাশের মানুষ ছোটাছুটি শুরু করে।

একটি ভিডিওতে দেখা যায়- বাড়িটির বাইরে ডজন খানেক কার নিয়ে পুলিশ পাহারায় রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব হোগান গিডলি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে।