‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত পালাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে- জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খুনিদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টার কথা বলেন।

এই সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়বই।”