গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তুহিন মোল্লার স্ত্রী সাখি বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ সরকার জানান, কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে তুহিন মোল্লা স্ত্রী সাখি বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোপালপুর নামকস্থানে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে তুহিন মোল্লা নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত সাখি বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।