মুহূর্তেই ফুলে ফুলে ভরে উঠলো বঙ্গবন্ধুর সমাধি সৌধ

অশ্রু সিক্ত নয়নে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানালেন বঙ্গবন্ধুপ্রেমীরা।

গোপালগঞ্জসহ আশপাশের জেলা থেকে আসা হাজারো বঙ্গবন্ধুপ্রেমী তাদের প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকে সমাধি সৌধ কমপ্লেক্সের আশপাশে ভিড় করেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ত্যাগের পর শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণের খুলে দেওয়া হয় বঙ্গবন্ধু সমাধি সৌধের তিনটি গেট। বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ প্রবেশ করেন সমাধি সৌধে।

যে যার মতো করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ৭৫’র ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। বিভিন্ন সংগঠনের পক্ষেও বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মুহূর্তের মধ্যে ফুলে ফুলে ভরে ওঠে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদি। জাতির এ শ্রেষ্ঠ সন্তানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে পেরে তারা খুশি। তাদের কাছে এ যেন অনেক বড় পাওয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়। টুঙ্গিপাড়ার বাড়িতে বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে উড়ানো হয়েছে কালো পতাকা। কালো ব্যাচ ধারণ করেছেন বঙ্গবন্ধুপ্রেমীরা।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সীমানা মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধীস্থল পর‌্যন্ত পাঁচ শতাধিক কালো-কাপড়ে মোড়া তোরণ নির্মাণ করা হয়েছে। ৭৫-এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে এসব তোরণ নির্মাণ করেছেন জেলা-উপজেলা আওয়ামী লীগ, জেলা যুব লীগ, বিভিন্ন জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর‌্যায়ে।

এছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া পর‌্যন্ত সড়কের দুই পাশে বঙ্গবন্ধুর ছবি সংবলিত প্ল্যাকার্ড লাগানো হয়েছে। টুঙ্গিপাড়াসহ পুরো জেলা শোকাবহ আভা বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা সদর, বিভিন্ন ইউনিযন ও গ্রামে গ্রামে কাঙালি ভোজের আয়োজন করা হয়। মাইকে বাজানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী কুশীলবদের প্রকাশ্যে আনতে তদন্ত কমিশন গঠন করা হবে। একটু দেরি হলেও এই কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদের খুঁজে বের করে বিচার করা হবে।