ঈদের ছুটিতে বেড়াতে এসে ডেঙ্গুতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু বকর সিদ্দিক সিয়াম (১৪) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সিয়াম শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ি জাকির হোসেনের ছেলে। সিয়ামের মা-বাবা ও দুই বোন রয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার গর্ন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদ্র্রাসা থেকে জ্বর নিয়ে বাড়ি আসে সিয়াম। মঙ্গলবার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে। বুধবার তাকে কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠান হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাতে মারা যায় সিয়াম।

বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৪ জন ভর্তি হয়েছে।

বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেনারেল হসপাতালে মোট ৮১ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে চাঁদপুরে আক্রান্ত হয়েছে ১১ জন, বাকিরা ঢাকা ও চট্টগ্রাম থেকে জ্বরে আক্রান্ত হয়ে এসেছে।