হংকংয়ে রাজনৈতিক সংকট নিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ‘ব্যক্তিগত বৈঠকের’ ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে তিনি বলেন, শি যে মানবিকভাবে হংকংয়ের সমস্যা সমাধান করতে পারবেন, তা নিয়ে কোনো সংশয় নেই তার।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, টুইটে চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। চীন চুক্তি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই চীন চুক্তি করতে চায়। আগে তাদের মানবিক উপায়ে হংকং নিয়ে কাজ করতে দিন।’
প্রত্যর্পণ বিল নিয়ে হংকংয়ে কয়েক সপ্তাহ ধরে গণতন্ত্রপন্থিদের তুমুল বিক্ষোভের পর টুইটে এসব কথা বললেন ট্রাম্প। সমালোচকদের মতে, বিলটি হংকংকে বড় পরিসরে চীনের নিয়ন্ত্রণে আনবে। বিক্ষোভের মুখে বিলটি প্রত্যাহার করা হয়েছে। তবে বিক্ষোভ এখন বিল থেকে গণতান্ত্রিক আন্দোলনে রূপ নিয়েছে।