জন্মশতবার্ষিকীতেই আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য

তুরস্কের রাজধানী আঙ্কারার একটি গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য। আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতেই এটি উদ্বোধন করতে চায় বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় পরামর্শ সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যেই দুটি দেশের স্থপতির ভাস্কর্য স্থাপন করা হবে। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করবে দেশটির সরকার।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকী বলেন, দুই দেশের মন্ত্রী পর্যায়ে পঞ্চম বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী সভা এ বছরের নভেম্বরে হবে। এই বৈঠকের আগেই বঙ্গবন্ধু এবং মোস্তফা কামাল আতাতুর্কের আলাদা ভাস্কর্য নির্মাণকাজ শুরু হতে পারে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতেই তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচনের আশা করছি আমরা।