এক দশকে সর্বাধিক রান কোহলির

ক্যারিবিয়ান সফরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ভারত ৬ উইকেটে হারিয়েছে উইন্ডিজকে। বারবার বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৫ ওভারে। ৭ উইকেটে ২৪০ করে উইন্ডিজ। ডিএল মেথডে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২৫৫ রানের। অধিনায়ক বিরাট কোহলির ৪৩তম ওয়ানডে সেঞ্চুরি (১১৪*) ও শ্রেয়াস আইয়ারের ৬৫ রানে ভর করে ১৫ বল হাতে রেখে ম্যাচ জেতে ভারত। তিন ম্যাচ সিরিজ জিতে নেয় ২-০ তে।

নিজের ৪৩তম ওয়ানডে শতকের দিনে কোহলি করেছেন আরও কিছু রেকর্ড। এক দশকে আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন কোহলি। এদিন ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক দশক সময়ের মধ্যে করলেন ২০ হাজারের বেশি রান। বুধবার পর্যন্ত তার রান ২০০১৮। ২০১০ থেকে এ সময়ের মধ্যে রেকর্ডটি গড়লেন তিনি। এর আগে এক দশকে সবচেয়ে বেশি

আন্তর্জাতিক রান ছিল অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের (১৮৯৬২)। ২০০০ এর দশকে পন্টিং করেছিলেন এই রান। অধিনায়ক হিসেবে কোহলির ওয়ানডে শতক এখন ২১টি। যা দ্বিতীয় সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে ২২ শতক নিয়ে সবার ওপরে আছেন পন্টিং। একই দিনে শচিন টেন্ডুলকারের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন কোহলি। ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ তিনটি দলের বিপক্ষে ন্যূনতম আটটি করে সেঞ্চুরি করলেন কোহলি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৮ সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। উইন্ডিজের বিপক্ষে এদিন কোহলি করেন নবম ওয়ানডে শতক। আর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮টি করে সেঞ্চুরি আছে কোহলির।