জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তার হলেন আরেক সাংবাদিক। বুধবার দিবাগত রাতে বাড়িতে হানা দিয়ে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরিবার জানতে চাইলেও কী কারণে গ্রেপ্তার করা হয়েছে- খোলসা করেনি পুলিশ বা প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ কাশ্মীরের ত্রাল জেলা থেকে ইরফান মালিক নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে সাংবাদিকের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। কিন্তু অনেকবার প্রশ্ন করেও গ্রেপ্তারের কারণ জানতে পারেননি তারা।
২৬ বছরের ইরফান মালিক স্থানীয় জনপ্রিয় সংবাদপত্র গ্রেটার কাশ্মীরের প্রতিবেদক। তিনি পুলওয়ামা জেলার খবর সংগ্রহের দায়িত্বে রয়েছেন। ইরফান নিজেও জানেন না, কেন গ্রেপ্তার হয়েছেন।
কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা জম্মু ও কাশ্মীরের বেশির ভাগ এলাকায় বর্তমানে কারফিউ পরিস্থিতি বহাল রয়েছে। এই কারণে সংবাদমাধ্যমকে ইরফানের গ্রেপ্তারের খবর দিতে শ্রীনগরে যেতে হয় পরিবারের সদস্যদের।
বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেটার কাশ্মীরের অফিস বন্ধ থাকায় বাধ্য হয়ে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ মিডিয়া ফেলিসিটেশন সেন্টার যান তারা। সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে ইরফানের গ্রেপ্তার হওয়ার খবর জানান তার পরিবার।
এদিকে পুলিশ সুপার তাহির সালিমের সঙ্গে দেখা করে ইরফানের গ্রেপ্তারের কারণ জানতে চায় পরিবার। তিনি জানান, সাংবাদিক গ্রেপ্তারের খবর জানেন না।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের প্রেক্ষাপটে এর আগে গ্রেপ্তার হয়েছেন কাশ্মীরের সাংবাদিক।