মাতাল হয়ে গাড়ি চালিয়ে গ্রেপ্তার অভিনেত্রীর ছেলে

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হয়েছেন বিজেপি এমপি ও  অভিনেত্রী রূপা গাঙ্গুলির ছেলে। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন সাংসদ-পুত্র আকাশ মুখোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে নিজের বাড়ির কাছেই একটি দেওয়ালে ধাক্কা মারে আকাশের গাড়ি। আকাশ এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন, এমন অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গল্ফ গার্ডেন এলাকায় একটি ক্লাবের দেওয়ালে ধাক্কা মারে আকাশের গাড়ি। এতে দেওয়ালের একাংশ ধসে পড়ে।

দুর্ঘটনার পর গাড়ি থেকে বের করা হয় আকাশকে। এ সময় তিনি মাতাল অবস্থায় ছিলেন বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। তবে দুর্ঘটনায় কোনো ধরনের হতাহত ঘটেনি।

পুলিশ কর্মকর্তা সুদীপ সরকার জানান, শুক্রবার আদালতের কাছে সমর্পণ করা হবে রূপা-পুত্রকে।

এদিকে ছেলের এ দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন মা রূপা। তিনি বলেন, ‘আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হোক।’