কাফ মাসলে চোট এখনো সারেনি। তাই বার্সেলোনার মার্কিন যুক্তরাষ্ট্র সফর বা নাপোলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন না লিওনেল মেসি। শুক্রবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের লা লিগা অভিযান শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। যে ম্যাচে আর্জেন্টাইন তারকাকে দলে রাখা হয়নি।
মেসিকে রেখেই প্রতিপক্ষের মাঠে খেলতে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ১টা শুরু হবে খেলা। দেখা যাবে ফেসবুক লাইভে।
গত সোমবার দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে ইনজুরিতে পড়েন মেসি। পেশিতে টান পড়ায় দৌড়াতে পারছিলেন না ঠিকভাবে। তাই সপ্তাহজুড়ে দলের যুক্তরাষ্ট্র সফরে একটি ম্যাচও খেলেননি।
পাঁচবারের বর্ষসেরা তারকা প্রথম অনুশীলনে আসেন গত বুধবার। একা-একা হালকা রানিং স্ট্রেচিং করেন। পুরোটা সময় বার্সেলোনার ফিটনেস কোচ হুয়ানহো ব্রাউ দলের সেরা তারকাকে চোখে রেখেছিলেন। যেন পুনর্বাসন প্রক্রিয়াটা দ্রুত হয়। কথা ছিল বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করবেন মেসি।
কিন্তু ম্যাচের আগের দিন বার্সেলোনার অনুশীলনে ছিলেন না মেসি। কোচ এরনেস্তো ভালভেরদে জানিয়েছেন, মেসিকে নিয়ে ঝুঁকি নেবেন না তিনি। সুস্থ হলেই মাঠে নামানো হবে মেসিকে।
গত মৌসুমের মাঝপথ থেকেই কুঁচকির ইনজুরি ভোগাচ্ছে মেসিকে। বারবার ফিরে আসা ওই ইনজুরি নিয়ে ৩২ বছর বয়সী তারকা নিজের সেরাটা দিতে পারেননি কয়েক ম্যাচে। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছে দল। লিগে টানা চ্যাম্পিয়ন হলেও বার্সেলোনার মূল লক্ষ্য কিন্তু ইউরোপিয়ান শিরোপা। মেসিকে নিয়ে এ কারণেই কোনো ঝুঁকি নিতে নারাজ বার্সা কোচ।