ইসরায়েলে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই নারী সদস্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে দেশটির কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার শিকার ইলহান ওমর ও রাশিদা তালিবের আগামীকাল রবিবার ইসরায়েলে যাওয়ার কথা ছিল।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েল এ নিষেধাজ্ঞা জারি করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ-মাধ্যমের এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, এই দুই কংগ্রেস সদস্যকে ইসরায়েল সফরের অনুমতি দেওয়া হলেও তা হবে ইসরায়েলের দুর্বলতা। তারা ইসরায়েল ও ইহুদিদের ঘৃণা করে। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না। সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব প্রকাশ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী ও মুসলিমবিরোধী নীতির কঠোর সমালোচনা করে থাকেন।