মাগুরা সদরের সাহাজিরকান্দি এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে তিন ছিনতাইকারীকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটকরা হলো মাগুরা শহরের পারলা গ্রামের বাবু বিশ্বাসের ছেলে শাওন ইসলাম (১৮), তাঁতিপাড়ার সোহরাব হোসেন বাবুলের ছেলে মেজবাহ নুরানী শাওন (১৮) ও পূর্বপাড়ার রতন কাজীর ছেলে মাসুদ রানা (১৮)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই তিন ছিনতাইকারী সদর উপজেলার রায়গ্রাম এলাকায় মহিদুল মল্লিক নামে এক যুবককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়া মহিদুলের চিৎকারে স্থানীয় জনতা সেখানে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। জনতার ধাওয়ায় ছিনতাইকারীরা পালানোর সময় সাহাজিরকান্দি এলাকায় জনতার হাতে ধরা পড়ে। এ সময় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটকরা পেশাদার ছিনতাইকারী।