সাবেক ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা!

রহস্যজনক ভাবে মারা গেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর। বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইতে নিজের বাসভবনে তার মরদেহ পাওয়া যায়। ৫৭ বছর বয়সী চন্দ্রশেখরকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়। পরে বেশ কিছু ভারতীয় নামি সংবাদ মাধ্যম তার আত্মহত্যার খবর প্রকাশ করে। সঠিক কী কারণে চন্দ্রশেখরের এমন মৃত্যু তা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত দেনা থেকে রেহাই পেতেই আত্মহত্যা করেছেন।

ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে প্রায় দুই বছরে মাত্র সাতটি ওয়ানডে খেলেছিলেন সাবেক এই ওপেনার। ১৯৮৮ সালে ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। ১৯৯০ এর মার্চে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেন ভারত জার্সিতে শেষ ওয়ানডে। এই সময়ে ১২.৫৭ গড়ে মাত্র ৮৮ রান করেছেন। এর মধ্যে এক ম্যাচেই করেছেন ৫৩। হাফসেঞ্চুরিও ওই একটি। জাতীয় দলের ক্যারিয়ার বিবর্ণ হলেও প্রথম শ্রেণি বা লিস্ট এ ক্যারিয়ার ভালোই কেটেছে তার। ভারতের মাদ্রাজে জন্ম নেওয়া এই ক্রিকেটার তামিলনাড়– ও গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩ গড়ে ৪ হাজার ৯৯৯ রান তার। ১০টি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরি আছে তার ব্যাটে। সর্বোচ্চ অপরাজিত ২৩৭। ঘরোয়া ক্যারিয়ারে তার সেরা সাফল্য ১৯৮৭ সালে তামিলনাড়–র হয়ে রঞ্জি ট্রফি জেতা। এর পরের বছর একই দলের হয়ে ৫৬ বলে ১০০ রান করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ভারতীয় ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি টিকে ছিল ২০১৬ পর্যন্ত। এই বছর ৪৮ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন ঋষভ পান্ত।   

১৯৯০ এর দিকে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট থেকেও নিজেকে সরিয়ে নেন চন্দ্রশেখর। সেই থেকে তামিলনাড়ুর ভেলাচেরিতে নিজের নামে ভিবি’স নেস্ট ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক ছিলেন। সম্প্রতি তামিলনাড়– প্রিমিয়ার লিগে (টিএনপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট) ভিবি কাঞ্চি ভেরেনসের মালিক ছিলেন। এছাড়া তামিলনাড়ু রাজ্য দলের কোচ, ক্রিকেট ধারাভাষ্যকার, সংক্ষিপ্ত সময়ের জন্য জাতীয় দলের নির্বাচক এ তিন বছর চেন্নাই সুপার কিংসের ম্যানেজার ছিলেন।  তার এমন মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে বইছে শোকের আবহ। বিশেষ করে দক্ষিণ ভারতীয় ক্রিকেটাঙ্গনেই ধাক্কাটা বেশি লেগেছে।