কলকাতায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই বাংলাদেশির

কলকাতা স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে শেক্‌সপিয়ার সরণি ও লাউডন স্ট্রিটের সংযোগ স্থলে দুটি গাড়ির সংঘর্ষ ঘটে। ওই সময়ে প্রচণ্ড বৃষ্টি থেকে বাঁচতে ট্রাফিক ছাউনির নিচে দাঁড়িয়ে ছিলেন তিন বাংলাদেশি। যাদের দুজন গাড়ির ধাক্কায় মারা যান।

স্থানীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, মুখোমুখি সংঘর্ষ হয় মার্সেডিজ ও জাগুয়ার গাড়ির। এর মধ্যে জাগুয়ারের ধাক্কায় দুই বাংলাদেশি মারা যান। দুর্ঘটনার বিস্তারিত জানান, সেখানে থাকা তৃতীয় বাংলাদেশি নাগরিক।

পুলিশ সূত্রে বলা হচ্ছে, নিহত দুজন হলেন কাজী মোহাম্মদ মনিরুল আলম (৩৬) ও তানিয়া (২৮)। ইতিমধ্যে এই ঘটনার সবিস্তারে খবর নিয়েছে বাংলাদেশ হাই কমিশন।

তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শেক্‌সপিয়ার সরণি থানার পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের দিক থেকে মিন্টো পার্কের দিকে যাচ্ছিল মার্সেডিজ গাড়িটি। সেই সময়ে এম পি বিড়লা তারামণ্ডলের দিক থেকে প্রচণ্ড গতিতে আসছিল জাগুয়ারটি।

রাস্তার ক্রসিং-এর মুখে সিগনাল ভেঙে প্রচণ্ড গতিতে আসা জাগুয়ার প্রথমে সরাসরি গিয়ে ধাক্কা মারে মার্সেডিজ গাড়িটির ডানদিকের মাঝ বরাবর। এরপরই ধাক্কা মারে রাস্তার ধারে থাকা ট্রাফিক ছাউনিতে।

সেই সময়ে ছাউনির নিচে দাঁড়িয়ে ছিলেন তিন বাংলাদেশি নাগরিক। জাগুয়ার গাড়িটি সরাসরি ধাক্কায় মারায় দুজন গাড়ির চাকার নিচে চলে যান। এরপরই ঘটনাস্থল থেকে গাড়ি থেকে নেমে পালায় জাগুয়ার গাড়ির চালক।

অন্যদিকে মার্সেডিজ গাড়িটির এয়ার ব্যাগ খুলে গেলেও আহত হয় চালক। তাকে উদ্ধার করে গাড়িতে থাকা অন্য আরোহীরা।

আহত সবাইকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে দুই বাংলাদেশিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ইতিমধ্যে জাগুয়ার গাড়ির চালকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, গাড়িটি শহরের একটি নামকরা রেস্তোরাঁর মালিকের। ঘটনার সময়ে তিনি নিজে গাড়ি চাচ্ছিলেন না অন্য কেউ চালাচ্ছিল তা নিয়ে তদন্ত চলছে।