নিছক একটা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। নাম তার ডুগং। থাইল্যান্ডবাসী যাকে আদর করে ডাকত মরিয়ম বলে। সেই প্রাণীটি মারা গেছে।
গত এপ্রিলে অসুস্থ মরিয়মকে উদ্ধার করে থাইল্যান্ডের কর্মকর্তারা। এরপর ইন্টারনেটে তার কথা ভাইরাল হয়ে যায়। গোটা থাইল্যান্ড তার জন্য প্রার্থনা করতে থাকে।
ডুগং রীতিমতো এক রহস্যময় প্রাণী। এটি জলজ স্তন্যপায়ী। মালয় ভাষায় যার নামের অর্থ হল ‘সমুদ্রের ভদ্রমহিলা’। জলের প্রাণী হলেও ডুগংয়ের সঙ্গে কিন্তু চরিত্রগতভাবে হাতির মিল আছে।
ডুগং-দের বাচ্চা হয় প্রতি সাত বছর অন্তর অন্তর। যে কারণে এক একটি বাচ্চা অনেক মূল্যবান!
থাইল্যান্ডের এই ডুগংটির পাকস্থলীতে প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ আটকে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে ইনফেকশন হয়।
যখন তাকে পাওয়া যায় বয়স ছিল চার মাস। এক উদ্ধারকর্মী তাকে জড়িয়ে ধরা অবস্থায় একটি ছবি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সে পরিচিতি পায় আদরের মরিয়ম নামে।
গার্ডিয়ান জানিয়েছে, গত বুধবার মরিয়মকে বিশেষ পর্যবেক্ষণের জন্য নার্সারি ট্যাংকে নেওয়া হয়। শনিবার সকাল নাগাদ সে মারা যায়।