ম্যান সিটি-টটেনহ্যাম ম্যাচে আবার ভিএআর নাটক

দুইবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। ইতিহাদে দুইবারই সমতায় ফেরে টটেনহ্যাম। রোমাঞ্চকর লড়াইয়ের সমাপ্তিটাও হলো নাটকীয় ভাবে। ইনজুরি টাইমে বদলি নামা গ্যাব্রিয়েল জেসুস গোল করলেও তা বাতিল হলো ভিএআরে। পয়েন্ট ভাগাভাগি করেই তাই মাঠ ছাড়তে হলো পেপ গার্দিওলার দলকে।

শনিবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ও টটেনহ্যামের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

এদিন ম্যাচের ২০ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। কেভিন ডি ব্রুইনের এসিস্ট থেকে গোলটি করেন তিনি। তবে তিন মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা আনে মাউরিসিও পচেত্তিনোর টটেনহ্যাম। গোল করেন এরিক লামেলা।

সিটি অবশ্য ফের এগিয়ে যেতে সময় নেয়নি। ৩৫ মিনিটে গোল করেন সার্জিয়ো আগুয়েরো। এবারো এসিস্ট ছিল ডি ব্রুইনের। ইতিহাদে আগুয়েরোর এটি ৯৭তম গোল। নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ গোলের রেকর্ডে তার উপরে এখন কেবল দুজন। ওয়েন রুনি (১০১) ও থিয়েরি ওরি (১১৪)।

এগিয়ে থেকেই প্রথমার্ধে শেষ করে সিটি। টটেনহ্যাম ম্যাচে সমতা আনে ৫৬ মিনিটে। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১৯ সেকেন্ড সময়ের মধ্যে গোল করেন লুকাস মউরা।

বল দখলের লড়াইয়ে সিটি কিছুটা এগিয়ে থাকলেও সমানে সমানেই লড়েছে টটেনহ্যাম। তবু নিজেদের মাঠে জয় উৎসবের উপলক্ষই পেয়েছিল সিটি। জেসুস গোল করতেই উৎসবে মাতে দলটি।

কিন্তু ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে সেটি বাতিল করেন রেফারি। চার মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টটেনহ্যামের বিপক্ষেই শেষ মুহূর্তে সিটির গোল বাতিল হয়েছিল ভিএআরে।