বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা গেছে। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য দ্বিতীয় ও শেষ দিনের মতো মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম ঘিরে পদপ্রার্থীরা তাদের নিজ নিজ সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হয়। এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় ২০ এর অধিক ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
সকাল থেকে মনোনয়ন প্রত্যাশীরা তাদের সমর্থকদের নিয়ে দলে দলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কেউ কেউ মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের লাইন দীর্ঘ হতে দেখা যায়।
এ সময় মনোনয়নপ্রত্যাশীদের একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। এছাড়া কেন্দ্রীয় নেতাদের দোয়া কামনা করেন মনোনয়নপ্রত্যাশীরা।
বিএনপির ভ্যানগার্ড হিসেবে খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপলক্ষে গতকাল শনিবার (১৭ আগস্ট) থেকে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
প্রথম দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পুনঃতফসিল অনুযায়ী, ১৯ ও ২০ আগস্ট মনোনয়নপত্র জমা নেয়া হবে। ৩১ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এর আগে ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের টানা আন্দোলনের কারণে কাউন্সিল হয়নি।