অভিবাসীদের জন্য বিশাল বন্দি শিবির তৈরির পরিকল্পনা করছে ভারত সরকার। আর এই খবরে ৪০ লাখ মানুষ আতঙ্কে দিন পার করছেন, যাদের অধিকাংশ মুসলিম।
বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের রাজ্য আসামে ইতিমধ্যে অভিবাসী ধরার অভিযানে নেমেছে বিজেপি সরকার। এমন অনেক মানুষ আছেন, যাদের জন্ম ভারতে; অথচ মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল তাদের নাগরিকত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে!
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রাজ্য সরকার দ্রুততম সময়ের ভেতর বিশাল বন্দি শিবির করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শত শত মানুষকে, যার মধ্যে রয়েছেন একজন সেনা সদস্য। মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা বলছেন, নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়ার এবং জেলে যাওয়ার শঙ্কায় ইতিমধ্যে বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন।
কিন্তু মোদি সরকার পিছু হঠতে নারাজ। একাধিকবার তিনি এবং তার কর্মীরা তথাকথিত ‘অবৈধ প্রবেশকারীদের’ দেশছাড়া করার হুমকি দিয়েছেন।
এমন পরিস্থিতির ভেতর কাশ্মীর ইস্যু ভয় বেশি বাড়িয়েছে। জম্মু-কাশ্মীরের স্বাধীনতা হরণ করে অঞ্চলটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত রাজ্য করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করে সেখানের সাধারণ মানুষকে করা হয়েছে অবরুদ্ধ।