লালবাগে কথিত প্রেমিকের বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ এলাকায় কথিত প্রেমিকের বাসা থেকে শিলা (২৮) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিলার কথিত প্রেমিক প্রাইভেটকার চালক সাগরকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ভোরে লালবাগের কাশ্মীরি টোলা এলাকায় টিনশেডের বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে লালবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

গ্রেপ্তার সাগরের দাবি, রাতে শিলার খিঁচুনি উঠে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মারা গেছে। তবে পুলিশের ধারণা, শিলাকে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল।

শিলার বোন জিয়াসমিন জানান, শিলা কামরাঙ্গীরচরে থাকে। লালবাগের সাগর নামের এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার সন্ধ্যায় শিলা কামরাঙ্গীরচরের বাসা থেকে লালবাগ বাটা মসজিদ এলাকায় তার আরেক বোন সীমার বাসায় আসে একটি জন্মদিনের অনুষ্ঠানে। সেখান থেকে শুক্রবার রাত ৮টার দিকে সাগরের ফোন পেয়ে সে ওই বাসা থেকে বেরিয়ে আসে। এরপর রাত ১০টার দিকে ফোন দিয়ে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জিয়াসমিন আরও জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে সাগর তাদের ফোন করে জানায় শিলা অসুস্থ হয়ে পড়েছে। পরে ভোর ৪টার দিকে ৩ নম্বর কাশ্মীরি টোলার ওই টিনশেড বাসায় গেলে শিলাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পাই। তখন পুলিশও ছিল। সাগরের এক বন্ধুই পুলিশকে খবর দিয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই লুৎফর রহমান দেশ দেশ রূপান্তরকে বলেন, শিলার কথিত প্রেমিক সাগরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে দাবি করেছে শিলা অসুস্থ হয়ে মারা গেছে। শিলার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা জানা যাবে।

তিনি আরও বলেন, যে বাসাতে লাশ পাওয়া গেছে সেখানে সাগর মা বাবার সঙ্গেই থাকত। তারা রাতে মদ খেয়েছে বলে প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’