চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে একটি বিচারিক তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।

এ প্রসঙ্গে দেশ রূপান্তরকে হানিফ জানান, আবেদনে এ বিষয়ে বিচারিক তদন্ত চাওয়া হয়েছে। চামড়ার অস্বাভাবিক দরপতন কেন হলো, ঘটনার সঙ্গে কারা বা কোন সিন্ডিকেট জড়িত তা খুঁজে বের করার নির্দেশনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া কোরবানির পশুর চামড়ার এই দরপতন ঠেকাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, দাম কমার ঘটনায় বিচারিক তদন্ত কমিটি গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলের আর্জি জানানো হয়েছে।

ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ফরহাদ বলেন, ‘নজিরবিহীনভবে এবার কোরবানির পশুর চামড়ার দাম কমে গেছে। এতে করে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি এর যারা হকদার তারাও বঞ্চিত হয়েছেন। চামড়ার এমন দরপতনকে চ্যালেঞ্জ করে এ রিট আবেদনটি করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে এবং আদালত গ্রহণ করলে এ বিষয়ে শুনানি হতে পারে।’

তিনি জানান, বাণিজ্য সচিব, শিল্প সচিব, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতিকে রিটে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, এবার কোরবানির ঈদের পর দেশজুড়ে কাঁচা চামড়ার অস্বাভাবিক দরপতন হয়। অনেক ব্যবসায়ী ন্যায্য দাম না পেয়ে চামড়া মাটিতে পুঁতে ফেলেন। কেউ কেউ তা পানিতে ও রাস্তায় ফেলে প্রতিবাদ জানান।