জন্মদিনে পাওয়া কোনো উপহার পছন্দ না হলে কী করেন? ছুড়ে ফেলেন? হয়তো আপনি এমনটা করেননি কখনো। কিন্তু ভারতের ২২ বছর বয়সী আকাশ বাবা-মার দেওয়া উপহার ফেলে দিলো নদীতে। তাও আস্ত বিএমডব্লিউ গাড়ি।
গালফ নিউজের এক প্রতিবেদন জানায়, আকাশ উপহার হিসেবে পেয়েছিলেন হাই-পারফরমেন্স বিএমডব্লিউ এমথ্রি। কিন্তু সে চেয়েছিল জাগুয়ার। তাই গাড়িটি ফেলে দিল নদীতে।
সেই দৃশ্য ভিডিও করে রেখেছেন আকাশ। ৯ আগস্ট হরিয়ানার যমুনায় গাড়িটি ডুবিয়ে দেন তিনি।
সেই ভিডিও বাবার কাছে পাঠিয়েছেন আকাশ। সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেছেন। সেখান থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ডুবন্ত গাড়িটি থেকে আকাশকে উঠে আসতে দেখেছেন। পরে ক্রেনের মাধ্যমে গাড়িটি তোলা হয়।
বার্তা সংস্থা এএনআই পুলিশের বরাত দিয়ে জানায়, আকাশ মানসিকভাবে অসুস্থ। সে বাবার কাছে জাগুয়ার কার চেয়েছিল। কারণ তার কাছে বিএমডব্লিউ ছোট মনে হয়েছিল। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আকাশের বাবা সংবাদমাধ্যমকে বলেন, তার কাছে জাগুয়ারের পেছনে খরচ করার মতো টাকা নেই। কিন্তু তিনি ভাবতে পারেননি ছেলে এই কাণ্ড ঘটাবে।
তবে টাইমস অব ইন্ডিয়াকে আকাশের বাবা উল্টো কথাও বলেন। তিনি জানান, আকাশ কখনো জাগুয়ার চায়নি। দুর্ঘটনাবশত গাড়িটি নদীতে পড়ে যায়।