পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শার্লিন চোপড়ার

বলিউড ও দক্ষিণ ভারতে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন রাম গোপাল ভার্মা। বিতর্কিত মন্তব্যের জেরেও প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নায়িকা শার্লিন চোপড়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শার্লিন জানান, এই পরিচালক তাকে কুরুচিকর মেসেজ পাঠিয়েছেন। আরও অভিযোগ করেন, রাম গোপাল তাকে অশ্লীল ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

চিত্রনাট্য পড়ার পর শার্লিনের মনে হয়েছিল যে, ওই ছবিতে শুধু যৌন দৃশ্যই রয়েছে। ২০১৬ সালের ঘটনা এটি।

শার্লিনের দাবি, রাম গোপাল তাকে অভিনয় শেখানোর জন্য কুকুর ও নারীর একটি আপত্তিকর ভিডিও মেসেজ করেছিলেন। যদিও সেই মেসেজের কোনো প্রমাণ দিতে পারেননি অভিনেত্রী।

তবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি সত্য, রঙ্গিলা, সরকার সিনেমার পরিচালক।

কিছুদিন আগে টাইগার শ্রফকে ফোন কলে ট্রান্সজেন্ডার বলেন রাম গোপাল। শ্রীদেবী আন্ডারওয়ার্ল্ডের হাতে খুন হয়েছেন এমন মন্তব্যও করেন। কয়েক দিন আগে হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়ে পুলিশ দায়িত্ব পালন করছে না বলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন। একই দিন একটি পার্টিতে গায়ে মদ ঢেলে অতিথিদের সঙ্গে আলিঙ্গন করে সমালোচিত হন রাম গোপাল।