সিপিডির ভবনে এডিস মশার লার্ভায় দুঃখ প্রকাশ

রাজধানীর ধানমমন্ডিতে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) দুঃখ প্রকাশ করেছে। 

সংস্থাটি এ কারণে সিটি করপোরেশনের জরিমানার বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিডি দুঃখ প্রকাশ করে বলে, সংশ্লিষ্ট পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠান ঈদের ছুটির মধ্যে জমা বৃষ্টির পানি পরিষ্কার না করায় নির্মাণাধীন ওই ভবনে এডিস মশা বংশবিস্তার করতে পেরেছে।

ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা ধ্বংসে পরিচালিত অভিযানের অংশ হিসেবে রোববার ধানমণ্ডি ও শুক্রবাদ এলাকায় অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সিপিডির নির্মাণাধীন ভবনের বেজমেন্টে এডিস মশার ‘প্রচুর লার্ভা’ পাওয়ায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিডি বলে, যে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, সেটি গত তিন বছর ধরে সিপিডির প্রত্যক্ষ তত্ত্বাবধানে নেই।

তারা জানায়, ভবনটি নির্মাণের জন্য নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদার প্রতিষ্ঠানের তদারকিতে রয়েছে। সিপিডির সঙ্গে চুক্তি অনুযায়ী ভবন নির্মাণের সময়কালে জমে থাকা সব ধরনের পানি নিয়মিত অপসারণের দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানের। কিন্তু সাম্প্রতিক ঈদের ছুটির কারণে নির্মাণ কাজ বন্ধ থাকায় বৃষ্টির পানি অপসারণের দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠান যথাযথভাবে পালন করেনি।

ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সিপিডি বলেছে, তারা সিটি করপোরেশনের পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়েছে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা রোববার সন্ধ্যায় আবারও ওই ভবন পরিদর্শন করে ‘সন্তোষ’ প্রকাশ করেছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।