কোহলির ঘাড়ে গরম নিশ্বাস স্মিথের

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলির চেয়ে আর মাত্র ৮ রেটিং পয়েন্ট পিছিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন স্মিথ। এক নম্বর জায়গা ধরে রাখা কোহলিকে এখন জোর চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি।

বল ট্যাম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ থাকার পর অ্যাশেজের প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকে ফেরেন স্মিথ। এজবাস্টনে দুই ইনিংসেই সেঞ্চুরি করে দলকে জয় উপহার দেন। একই সঙ্গে চার নম্বর পজিশন থেকে উঠে আসেন তিনে। লর্ডসে দ্বিতীয় টেস্টের পরও এক ধাপ উন্নতি হয়েছে তার। কেন উইলিয়ামসনকে তিনে ঠেলে এখন দুই নম্বর জায়গাটা স্মিথের।

লর্ডসে প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে দারুণ খেলেছেন স্মিথ। ৯২ রানের ইনিংস খেলেন তিনি। আর্চারের বাউন্সারের আঘাতে আহত হওয়ায় দ্বিতীয় ইনিংসে আর খেলেননি। স্মিথের রেটিং পয়েন্ট এখন- ৯১৩। আর কোহলির পয়েন্ট- ৯২২।

লর্ডসে দ্বিতীয় ইনিংসে স্মিথের বদলি হিসেবে নেমে দারুণ ব্যাট করেন মারনুস লাবুসচাগনে। তার ফিফটিতেই ড্র হরে অজিরা। এখন ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন লাবুসচাগনে। ১৬ ধাপ এগিয়ে ৮২ তম স্থানে উঠে এসেছেন তিনি। তার সঙ্গে দারুণ ব্যাট করা ট্রাভিস হেডও দুই ধাপ উপরে উঠে এসেছেন। তার অবস্থান এখন ১৮।

এদিকে সেঞ্চুরি করা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন (২৬ নম্বর)। জনি বেয়ারস্টো এগিয়েছেন সাত ধাপ (৩০তম)। আর ১৭ ধাপ এগিয়েছেন ররি বার্নস (৬৪তম)। অবনতি হয়েছে অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার, উসমান খাজা ও ক্যামেরুন ব্যানক্রফটের।

গল টেস্টে সেঞ্চুরি করা দিমুথ করুনারত্নে সেরা দশে জায়গা করে নিয়েছেন। চার ধাপ এগিয়ে তার অবস্থান এখন আট। সাত বছরের টেস্ট ক্যারিয়ারে র‌্যাঙ্কিংয়ে এটিই তার সেরা অর্জন।

বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। এই অজি বোলার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন। ৯১৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে তিনি।

লর্ডসে অভিষিক্ত জফরা আর্চার ম্যাচে ৫ উইকেট নেন। ৮৩তম অস্থানে তিনি। মাত্র ষষ্ঠ টেস্ট খেলা ইংলিশ স্পিনার জ্যাক লিচ ৪০তম স্থানে আছেন।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দুই নম্বরে সাকিব আল হাসান।