২৬ আগস্ট থেকে শুটিং শুরু হতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ছবির। এ ছবিতে এর আগে চুক্তিবদ্ধ হয়েছেন রোশান ও পূজা চেরি।
এদিকে শুটিং শুরুর কয়েক দিন বাকি থাকতে প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিল ‘জিন’ ছবিতে রোশান-পূজার পর যুক্ত হলেন সজল ও পিয়া বিপাশা।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল বছর পাঁচেক আগে বড় পর্দায় আসেন। ‘রান আউট’ ছবিটিতে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। অন্যদিকে পিয়া বিপাশাও এর আগে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, ‘সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে অনেকের সঙ্গে কথা হয়েছিল। তবে সজলকে চূড়ান্ত করা হয়েছে। মোট চারজন প্রধান চরিত্রে থাকছে।’
জানা যায়, মধুমিতা হাউজিংয়ে শুটিং শুরু হবে ছবিটির। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে শুটিং।