বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ইস্কাটনে বসেছিল আলোকচিত্রীদের মিলনমেলা ও আলোচনা সভা। ফটোগ্রাফি সংগঠন বিডি ফটোগ্রাফিক ইউনিটি ক্লাব (বিডিপিইউসি) এর আয়োজন করে।
সোমবার বিডিপিসইউর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এ তন্ময় ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নিলাভ। বক্তারা ফটোগ্রাফি শিল্পের নানা সাফল্যের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) নামে একটি নতুন সংগঠনের নামও ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মুস্তাফা, বিশিষ্ট সিনেমাটোগ্রাফার রাশেদ জামান, ফটোগ্রাফি চর্চার প্রধান নির্বাহী ও আলোকচিত্রী আককাস মাহমুদ, প্রধানমন্ত্রীর অফিশিয়াল আলোকচিত্রী সুমন দাস, দৈনিক প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলাম, পর্বত আরোহী এম এ মুহিতসহ সিনিয়র আলোকচিত্রীরা।