রুয়েট শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’ নামক অরাজনৈতিক একটি সংগঠন মানববন্ধন করেছে।

সকাল ১০টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, রাজশাহীতে স্থানীয় দুর্বৃত্তদের উৎপাত বেড়েছে। স্থানীয় কিছু বখাটে ক্যাম্পাসে বিভিন্ন সময় শিক্ষার্থীদের হয়রানি করে, ছাত্রীদের উত্ত্যক্ত করে। এদের হাত থেকে বাদ যাননি শিক্ষকের স্ত্রীও। শিক্ষক তার স্ত্রীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত হতে হয়েছে। এ সময় শিক্ষক রাশিদুলকে লাঞ্ছিতকারী বখাটেদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।