কুষ্টিয়ার কুমারখালী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন জিকে খালপাড় থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
তিন দিন আগে নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে অফিসার ইনচার্জ নাসির উদ্দিন নিশ্চিত করেছেন।
গত শনিবার নিখোঁজ হন কুষ্টিয়া শহরের উত্তর আমলাপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকায় বস্তাবন্দি ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর বস্তাবন্দি লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।