নার্স থেকে ডাক্তারদের পায়ে ধরলেন। সবাইকে অনুরোধ করলেন ডেলিভারির ব্যবস্থা করার। চিকিৎসক নাছোড়বান্দা। সোজা জানিয়ে দিলেন বেড নেই, তাই হবে না। এমন আলোচনার মধ্যে ব্যথায় কাতর গর্ভবতী হাসপাতালের মেঝেতেই সন্তানের জন্ম দিয়েছেন।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের ফারুকাবাদ জেলার নামকরা সরকারি হাসপাতাল রাম মনোহর লোহিয়ার।
প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের করিডোরে যখন প্রসব করেন ওই নারী, তখন রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। একটু দূরে শুয়ে সদ্যোজাত। তাকে জড়ানো একটুকরো কাপড়ও রক্তে ভেজা। কিছুক্ষণ পরেই সেখানে দেখা যায় প্রসবার আত্মীয়াকে। তিনি ভালো কাপড়ে জড়িয়ে নেন শিশুটিকে।
এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাড়াহুড়ো করে নারীকে নিয়ে যাওয়া হয় রুমে।
জেলা ম্যাজিস্ট্রেট মণিকা রানি তদন্তের নির্দেশ দেন গোটা ঘটনার। বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করা হবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’
এর আগে ২০১৭ সালে ওই হাসপাতালেই এক মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছিল।