জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের মুক্তি ও অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন থেকে আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত না করে অসীম সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়ে তিনি বাঙালি জাতিকে উপহার দিয়েছেন স্বাধীনতা।
স্পিকার মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত ‘মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯’ এর আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্পিকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিকৃষ্টতম হত্যাকাণ্ডের মাধ্যমে ভূলুণ্ঠিত হয়েছিল বাংলাদেশের সংবিধান। এই নিকৃষ্টতম হত্যাকাণ্ডের বিচারকার্য সম্পন্ন করার মধ্য দিয়ে বাঙালি জাতি কালো অধ্যায় থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। যাদের বিচার কার্যকর করা যায়নি, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার বাস্তবায়ন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বিচারপতি এএফএম মেসবাহউদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।