বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৯ কোটি ৪৫ লাখ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ এবং বিএসআরএম।
মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর হাতে ইউনিলিভার বাংলাদেশ লি: এর সিইও এবং এমডি কেদার লেলে ও বিএসআরএম এর ডিএমডি তপন সেনগুপ্ত নিজ নিজ কোম্পানির পক্ষে চেক হস্তান্তর করেন। ইউনিলিভার গত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৪৮৪ টাকা এবং বিএসআরএম ৩ কোটি ২৬ লাখ এক হাজার টাকার চেক প্রদান করেছে।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৪০ টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩’শ ৭০ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল হতে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৯ হাজার শ্রমিককে প্রায় ৩০ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহা-পরিচালক ড. আনিসুল আওয়াল, ইউনিলিভার বাংলাদেশ লি: এর ফাইন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিথা, লিগ্যাল ডিরেক্টর রাশেদুল কাইয়ুম, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার এবং বিএসআরএম এর জেনারেল ম্যানেজার (এইচআর) জেনারেল ম্যানেজার করপোরেট অ্যাফেয়ার্স কাজী আনোয়ার আহমেদ এবং ম্যানেজার (আইআর) মো. ইসমাইল উপস্থিত ছিলেন।