ঈদুল আজহায় ৫৩ টি সিনেমা হলে মুক্তি পায় রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’। মুক্তির পর ছবিটি বেশ প্রশংসিতও হয়। এরই ধারাবাহিকতায় সিনেমাটির হল সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। এর অন্যতম কারণ ঈদের ছুটি কাটিয়ে মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে। ধীরে ধীরে সেখানে দর্শক ছবি দেখতে আসছে। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, আগামী সপ্তাহ থেকে অধিক সংখ্যক হলে মুক্তি পাবে ছবিটি।
এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো জাজ প্রযোজিত সিনেমায় কাজ করেন ববি। তিনি বলেন, ‘জাজ সব সময় দর্শকদের পছন্দের কথা ভেবে সিনেমা নির্মাণ করে। তাদের অনেক ব্যবসাসফল সিনেমা রয়েছে। এই ছবিটিও সেদিকেই যাচ্ছে।’
রোশান বলেন, ‘দক্ষ শিল্পীদের সঙ্গে অভিনয় করতে সব সময় ভালো লাগে। আমাদের এই সিনেমায় অনেক গুণী শিল্পী রয়েছেন। ছবিটি দর্শকরা পছন্দ করছে।’
‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ববি-রোশান ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।