সক্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং আর্থিকভাবে অসচ্ছল সংস্কৃতিসেবীদের অনুদান ও ভাতা দেবে সরকার। ২০১৯-২০ অর্থবছরের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেয়া হবে এ অর্থ সাহায্য।
সেই লক্ষ্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অসচ্ছল সংস্কৃতিকর্মীদের কাছ থেকে নীতিমালা অনুসরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সিলেটের জেলা প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা অথবা জেলা শিল্পকলা একাডেমি সিলেট থেকে বিনা মূল্যে অথবা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। নীতিমালা অনুযায়ী সংযুক্ত কাগজপত্রসহ পূরণকৃত আবেদনপত্রটি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে।
সিলেট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জেলা শিল্পকলা একাডেমিতেও আবেদন জমা দেয়া যাবে বলে জানিয়েছেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত।
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরে অসচ্ছল সংস্কৃতিসেবী হিসেবে যারা মাসিক কল্যাণ ভাতা পেয়েছেন সে সব সংস্কৃতিসেবীর চলতি অর্থবছরে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।