নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে বাধা কাটল

সংবাদপত্রের সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ নিয়ে প্রকাশিতব্য গেজেটের (প্রজ্ঞাপন) ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের ওই সিদ্ধান্ত স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এক আদেশে ওই স্থিতাবস্থার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ ঘোষণা ও তা গেজেট আকারে প্রকাশ করতে কোনো বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। এর আগে গত সোমবার এ সংক্রান্ত শুনানি শেষ হয়। মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে এ বিষয়ে রিটকারী নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ। তার সঙ্গে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের ওই স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগ স্থগিত করেছে। এর ফলে নবম ওয়েজ বোর্ডের যে রোয়েদাদ সেটি প্রকাশ করতে আর কোনো বাধা থাকল না।’