চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থ সহায়তা বিএনপির

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার চলন্তিকা বস্তিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তাদের হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় ক্ষতিগ্রস্ত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তাদের একজন শফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমার ১০টি ঘর ছিল, সব পুড়ে শেষ। আমাদের সারা জীবনের যা অর্জন, সহায়সম্বল সব পুড়ে শেষ। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সারাদিন শত শত লোক এসে দেখে চলে যায়। কেউ কোনো সাহায্য করে না, আবার সরকারিভাবেও সাহায্য সহযোগিতা নেই বললেই চলে।’

বিএনপি নেতা আমিনুল বলেন, বস্তিবাসীদের হাজার হাজার ঘর পুড়ে শেষ। নিম্ন আয়ের এসব মানুষ সামান্য জিনিসপত্রও রক্ষা করতে পারেনি। তাই লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অসহায় গরিব দুঃখী মানুষদের সাহায্য করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সভাপতি ফকরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দীন তুষারসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।