ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে আজ বুধবার বাংলাদেশ সফরে আসছে উচ্চ পর্যায়ের বিদেশি বিশেষজ্ঞ প্রতিনিধিদল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই প্রতিনিধিদল আগামী শুক্রবার পর্যন্ত দেশে থাকবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বিশেষজ্ঞ প্রতিনিধিদল জীবাণুমুক্ত কিট প্রযুক্তির (এসআইটি) মাধ্যমে এডিস মশা নিয়ন্ত্রণের সম্ভাবনা পরীক্ষা-নিরীক্ষা করবে।
প্রতিনিধিদলে এফএও ও আইএইএর পোকামাকড় নিয়ন্ত্রণ বিভাগের প্রযুক্তিবিদ রাফায়েল আরগিলিস হেরেরো ও ডানিলো ডি অলিভিয়ারা কারভালহো এবং ডব্লিউএইচওর বিশেষজ্ঞ রাজপাল যাদব রয়েছেন।