ভোক্তাদের সেবায় হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বরাদ্দ প্রস্তাবের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুনকে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে আগামী ২৭ আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কিছু নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনের শুনানিতে গতকাল মঙ্গলবার এই বেঞ্চ থেকে এ আদেশ আসে।
ভোগ্যপণ্যের মান নিয়ন্ত্রণ, নিরীক্ষণ ও ভোক্তা অধিকার সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানির ধারাবাহিকতায় গত ১৬ জুন এক আদেশে দুই মাসের মধ্যে ভোক্তাদের জন্য একটি হটলাইন চালু করতে সংস্থাটিকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
গতকাল আদালতে দাখিল করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, হটলাইন স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ৪ জুলাই পরিচালক শামীম আল মামুনকে সভাপতি করে ৫ সদস্যের একটি কমিটি হয়েছে। ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়ে গত ১৪ জুলাই অধিদপ্তর থেকে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি আদালতের দৃষ্টিগোচরে আনলে ওই পরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করে হাইকোর্ট।