জানা গেল জেমস বন্ড সিরিজের নতুন সিনেমার নাম

‘বন্ড ২৫’ নয়, জেমস বন্ড সিরিজের নতুন সিনেমার নাম হবে ‘নো টাইম টু ডাই’।

জেমস বন্ডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়েছে। সিনেমাটির নাম নিয়ে এতদিন বেশ জল্পনা চলছিল। নাম জানতে না পেরে ছবিটিকে ‘বন্ড ২৫’ বলছিলেন বন্ডের দর্শকেরা।

টুইটারটি থেকে বলা হয়েছে, ‘নো টাইম টু ডাই সিনেমায় জেমস বন্ড ০০৭ হয়ে ফিরছেন ড্যানিয়েল ক্রেগ।’

‘যুক্তরাজ্যের দর্শকেরা ছবিটি দেখতে পাবেন ২০২০ সালের ৩ এপ্রিল। আমেরিকায় মুক্তি পাবে একই বছরের ৮ এপ্রিল।’

২০১৫ সালে ‘স্পেকটর’ সিনেমা করার পর ক্রেগ বলেছিলেন, এটাই শেষ। কিন্তু দর্শকেরা তাকে ছাড়েনি। তাই বাধ্য হয়ে আরেকবার প্লেবয় গোয়েন্দা জেমস বন্ড হচ্ছেন তিনি।

ব্রিটিশ লেখক প্রয়াত ইয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি জেমস বন্ড চরিত্রটি হলিউডের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

২০০৬ সালে সিরিজের প্রথম সিনেমা ক্যাসিনো রয়্যাল দিয়ে যাত্রা শুরু করেন ক্রেগ। এর আগে ২০০০ সালে পার্শ্ব অভিনেতা হিসেবে ড্রিমড অব আফ্রিকা সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

জেমস বন্ড চরিত্রে অভিনয় করে গোটা বিশ্বে নিজের নাম ছড়িয়ে দেন ক্রেগ। এই চরিত্রে নিজের শেষ ছবির শুটিং ইতিমধ্যে ‍শুরু করেছেন তিনি। গত মে মাসে ক্যারিবীয় দ্বীপে অভিনয় করতে গিয়ে আহতও হন ক্রেগ । সুস্থ হয়ে আবার ফিরেছেন শুটিংয়ে।