কাশ্মীরে ‘ক্ষোভের বিস্ফোরণ’ নিয়ে শঙ্কায় ভারতীয় গোয়েন্দারা

সাংবিধানিক স্বায়ত্তশাসন ও  রাজ্যের মর্যাদা তুলে নিয়ে ভারত শাসিত জম্মু-কাশ্মীরকে কেন্দ্রীয় শাসনের অধীনে নেওয়ার ঘটনায় সেখানে জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে।

এনিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে দেশটির একাধিক গোয়েন্দা সংস্থা।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ‘এই সময়’ জানায়, কাশ্মীরের জনমনে ক্রোধ চরম পর্যায়ে রয়েছে। যেকোনো সময় সেই ক্রোধের চূড়ান্ত বিস্ফোরণ ঘটতে পারে ব্যাপক সহিংস বিক্ষোভের মধ্যদিয়ে।

সংবাদপত্র, ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কাশ্মীর এখন কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। কড়া কারফিউর কারণে এখন পর্যন্ত বড় ধরনের বিশৃঙ্খলা দেখা না গেলেও কেন্দ্রের পদক্ষেপে জম্মু-কাশ্মীরের একাংশ ফুঁসছে বলে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে।

কাশ্মীর সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে বা সেখানে কাজ করেছেন এমন একাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা কাশ্মীরে অশান্তির আশঙ্কা করছেন। কেন্দ্রীয় সরকার যাতে কাশ্মীর নিয়ে দ্রুত সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে শুরু করে, সেই পরামর্শও দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫এ প্রত্যাহার করে কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসন ও বিশেষ সুবিধা কেড়ে নেয় বিজেপি সরকার। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

এ ঘটনাকে ঘিরে গত ৪ আগস্ট থেকে নজিরবিহীন কারফিউতে অবরুদ্ধ জম্মু-কাশ্মীর। সেখানকার প্রায় সবক’টি রাজনৈতিক দলের নেতারা হয় গৃহবন্দি নয়তো কারাগারে। সেখানকার সাধারণ মানুষ এখন নেতৃত্বহীন অবস্থার মধ্যে রয়েছে।

এরই মধ্যে সেখানে কয়েকটি বিক্ষোভের ঘটনায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের বাড়িতে বাড়িতে গিয়ে হানা দিচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অবশ্য বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকায় কাশ্মীরে কী ঘটছে তার সামান্যই জানা যাচ্ছে।