প্রথম ম্যাচটি হেরে এরই মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষ শ্রীলঙ্কা ইমার্জিং দলকে কম রানে আটকাতে পারল না তারা। ম্যাচটিতে জিততে হলে নামজুল হোসেন শান্তদের করতে হবে ২৭৪ রান।
সাভার বিকেএসপিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দুই বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২৭৩ রানের সংগ্রহ পায় তারা। অতিথি দলটির হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা কামিন্দু মেন্ডিস। ৫৫ রান করেন পাথুম নিসানকা। অন্যদের মধ্যে অধিনায়ক চ্যারিথ আসালঙ্কা ৪৫ ও জিহান ড্যানিয়েল ৪৩ রান করেন।
বাংলাদেশ দলের বোলারদের মধ্যে ৫১ রানে ৩ উইকেট নেন শফিকুল ইসলাম। দুটি উইকেট নেন অফস্পিনার নাঈম হাসান। একটি করে উইকেট নেন সুমন খান, আমিনুল ইসলাম ও ইয়াসির আরাফাত।
একই ভেন্যুতে গত রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১৮৬ রানে হারায় শ্রীলঙ্কা। দল দুটির মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে।