‘গ্রিনল্যান্ড বিক্রি হবে না’- ড্যানিশ প্রধানমন্ত্রীর জবাবে সফর বাতিল ট্রাম্পের

ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ইচ্ছার কথা সংবাদমাধ্যমের কাছে সরাসরি প্রকাশও করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ট্রাম্পের এমন প্রস্তাবের জন্য তাকে ‘পাগল’ বলে আখ্যা দেয় ড্যানিশরা। তারা রীতিমতো বিদ্রূপের সঙ্গে উড়িয়ে দেয় মার্কিন প্রেসিডেন্টের এমন ইচ্ছাকে।

ড্যানিশ প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন ট্রাম্পের এমন প্রস্তাবকে ‘উদ্ভট খায়েশ’ বলে মন্তব্য করেছেন। আর এর প্রতিক্রিয়ায় আগামী মাসের ডেনমার্ক সফর বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার এক টুইটার বার্তার মাধ্যমে ডেনমার্ক সফর বাতিলের ঘোষণা দেন ট্রাম্প নিজেই। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়।

রানি দ্বিতীয় মারগ্রেথের আমন্ত্রণে সেপ্টেম্বরের শুরুতে ডেনমার্ক যাওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে এই সফর বাতিল করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ডেনমার্ক দারুণ একটি দেশ, এর মানুষেরাও অসাধারণ। কিন্তু গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে কোনো আলোচনায় কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন। ফলে দুই সপ্তাহ পর আমাদের নির্ধারিত বৈঠকটি অন্য কোনো সময়ের জন্য পিছিয়ে দিচ্ছি।”