রাজধানীতে এডিস মশার লার্ভা নিধনে অভিযান পরিচালনায় নগরবাসীর সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার তিনি নগরবাসীকে হুঁশিয়ার করে বলেছেন, এরপর অসহযোগিতা পেলে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধার আইন প্রয়োগ করা হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, কোনো কোনো বাড়িতে গিয়ে ৪৫ মিনিট আমাকে অপেক্ষা করতে হয়েছে। অভিযান পরিচালনায় যখন গিয়েছি, লিফটের মেশিন খুলে রাখা হয়েছে। ছাদের চাবি নেই বলা হয়েছে। তাই আমরা অভিযানে গিয়ে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৮৬০ এর দণ্ডবিধির ১৮৩ থেকে ১৮৭, ২৬৯ থেকে ২৭০ এর ধারা প্রয়োগ করব।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিক একদিন আগেই ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা নিধনে এক বাড়িতে অভিযানের সময় পা মচকে ফেলেন।
নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি মঙ্গলবার বলেছিলেন, দেখা যাচ্ছে, বাড়ির সামনেরটা ছিমছাম। কিন্তু পেছনে গর্ত। এমন গর্তে পড়ে আমার পা মচকে গিয়েছে।