রমনা পার্কের সামনে সড়ক দুর্ঘটনায় হকার নিহত

রাজধানীর রমনা পার্কের পাশে সড়ক দুর্ঘটনায় রব্বানী খোকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি পেশায় হকার এবং রমনা পার্কের ভেতরেই থাকতেন। পার্কের সামনে ফুটপাতের ভ্রাম্যমাণ খাবারের দোকানে কাজ করতেন।

খোনকের শ্যালক সাখাওয়াত হোসেন জানান, তার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জের বিষেরবন্ধ গ্রামে। খোকনের বাবার নাম মৃত শামসুল হক। সে হকারি করত ও ফুটপাথে খাবার বিক্রি করত। স্ত্রী পারভিন ও ২ ছেলে গ্রামে থাকে।

রমনা থানার এসআই মফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বিপরীতে রমনা পার্কের পাশে কোনো গাড়ির ধাক্কায় আহত অবস্থায় রাস্তায় পড়েছিল খোকন। খবর পেয়ে তিনিসহ রমনা থানা-পুলিশের একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে খোকনকে মৃত ঘোষণা করেন।