রায় দ্রুত কার্যকরের দাবি

২০০৪ সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল বুধবার বিভাগীয় শহর, জেলা-উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক শোভাযাত্রা, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, অপরাধীদের প্রতীকী ফাঁসি, কালো পতাকা মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে গ্রেনেড হামলাকারীদের বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানানো হয়। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজশাহী : সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর আওয়ামী লীগ ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতারা।

খুলনা : শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে মহানগর ও জেলা আওয়ামী লীগ নগরীতে এই শোক র‌্যালি বের করে। এতে মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সমাবেশে নেতারা তারেক রহমান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, মাওলানা তাজউদ্দীনসহ একুশে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় কার্যকরের দাবি জানান।

মানিকগঞ্জ : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সকালে  আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ : গ্রেনেড হামলার প্রতিবাদ ও মামলার রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ। সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

গোপালগঞ্জ : বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

নীলফামারী : গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে নীলফামারীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে পৌর আওয়ামী লীগ। দুপুর ১২টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরের সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

জয়পুরহাট : বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সোবহান ম-লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু।

পটুয়াখালী : শহীদদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে পটুয়াখালী পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে এসব কর্মসূচি পালন করা হয়।

রাবি : গ্রেনেড হামলায় জড়িত এবং সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধনটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

জাবি : গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসি কার্যকরের দাবিতে প্রতীকী মঞ্চ বানিয়ে ফাঁসি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু ও হারিছ চৌধুরীকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়। এর আগে পরিবহন চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করা হয়।