বয়স বাড়লেও খেলায় এতটুকু ধার কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৩৪ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সবাইকে অবাক করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। জানিয়েছেন, এমনও হতে পারে আগামী বছরই অবসর নিয়ে নিতে পারেন তিনি। অবশ্য সেটার ব্যাখ্যাও দিলেন জুভেন্টাস তারকা।
পর্তুগিজ টেলিভিশন টিভিআইয়ে দেওয়া সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে রোনালদো বলেছিলেন, “আমি এরই মধ্যে অনেক রেকর্ড গড়েছি। কিন্তু জীবনে অগ্রাধিকার দেওয়ার মতো অন্যান্য বিষয়ও আছে। স্ত্রী ও সন্তানসহ আমার বড় একটা পরিবার আছে।... হতে পারে আগামী বছরই আমি আমার ক্যারিয়ারে ইতি টেনে দিতে পারি। এমনও হতে পারে ৪০-৪১ বছর পর্যন্ত খেলতে পারি। নিজেকে আমি যে বিষয়টা সব সময় বলি, ‘মুহূর্তটা উপভোগ কর’।”
আগামী বছরের ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা দেবেন রোনালদো। কিন্তু এখনো নেতিয়ে পড়ার কোনো চিহ্ন নেই তার পারফরম্যান্সে। গত বছর জুভেন্টাসে নাম লেখানোর আগে রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরে ৪৩৮ ম্যাচ খেলে করেছেন ৪৫০ গোল! আর ইতালির ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই দিয়েছেন সক্ষমতার পরিচয়। ৪৩ ম্যাচে করেছেন ২৮ গোল।
দলীয় সাফল্যের পাশাপাশি অসংখ্য ব্যক্তিগত সাফল্যও রয়েছে রোনালদোর। এমন অবস্থায় বিদায় নিলেও আফসোসের কিছু দেখছেন না রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই ফুটবলার।
“আমি জানি, এরই মধ্যে আমি ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছি। আমি জানি, আমার খেলার সময়টায় আমি অন্যতম সেরা। এটা হঠাৎ করে হয়ে যায়নি।...এটা চ্যালেঞ্জ ছিল। আমি এখনো ব্যক্তিগত ও দলীয় শিরোপা জয়ের ব্যাপারে উদ্দীপনা বোধ করি। এমনটা বোধ না করলে আমি ক্যারিয়ারে ইতি টেনে ফেলতাম।”