আন্দোলন করে খালেদা জিয়াকে বের করা যাবে না : কৃষিমন্ত্রী

একুশে আগস্টের পরিকল্পনা হাওয়া ভবন থেকে তারেক জিয়া ও খালেদা জিয়ার পরিচালনায় হয়েছে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এ রকম নৃশংস হত্যাকারীর মদদদাতা খালেদা জিয়াকে আন্দোলন করে জেল থেকে বের করা যাবে না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্যে ছিল। দিবালেকে ১৩টি গ্রেনেড মেরে প্রধানমন্ত্রী ও তার দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।’

সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমন্বয় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাভলী।

মন্ত্রী বলেন, পাকিস্তানের দালালরা কোনোদিন বাংলাদেশকে মেনে নিতে পারে নাই। আর ২১ আগস্টে ব্যবহৃত গ্রেনেডগুলো ছিল পাকিস্তানের তৈরি। এতেই বোঝা যায় মা ও ছেলের রচনা। ৭৫ এর পরে মুক্তিযুদ্ধের চেতনার ও আদর্শকে ধ্বংস করতে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে নষ্ট করতে ২১ আগস্টের হামলা। পৃথিবীর  এই নজির আর কোথাও নেই। তখনকার প্রশাসন, রাষ্ট্রযন্ত্র ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এ পৈশাচিক হত্যাকাণ্ড চালায় তারেক ও তার মা।

নানা প্রতিকূলতা, জীবন-মৃত্যুর মাঝখানে থেকেও শেখ হাসিনা আজ দেশকে বিশ্বেও কাছে এক উদাহরণ হিসেবে গড়ে তুলেছেন। বিদেশিরা আসে বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে।

 ‘শেখ হাসিনা ক্ষমতায় থাক বা না থাক, দেশবিরোধী, মানবতাবিরোধী নিকৃষ্ট তারেক জিয়াদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’ মন্তব্য করেন আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষক লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। কৃষকের পাশে থেকে কাজ করতে হবে। কৃষকের দল আওয়ামী লীগ তাই মন্ত্রণালয়ের সাথে কৃষক লীগকে সম্পৃক্ত করা হবে।

এর আগে তিনি ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ওয়ালটনের সৌজন্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন