প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’র উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি বিমানটির উদ্বোধন করেন।
বাসস জানায়, এর আগে বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে ফিতা কেটে ‘গাঙচিল’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উড়োজাহাজটিতে আরোহণ করেন এবং ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এসময় পাইলট এবং ক্রুদের সঙ্গে কথা বলেন।
‘গাঙচিল’ উদ্বোধনকালে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি সবাইকে এর প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো আমার গাঙচিল যেন ভালোভাবে ডানা মেলে উড়তে পারে আকাশে, সবাই যত্ন নেবেন। মনে রাখতে হবে এটা নিজ দেশের নিজস্ব সম্পদ।’
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক, বিমানের বোর্ড অব ডিরেক্টরস’র চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহাম্মাদ এনামুল বারী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ক্যাপ্টেন ফরহাত হাসান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ফ্লাইটে (বিজি-০২৭) আবুধাবির উদ্দেশে বাণিজ্যিক যাত্রা শুরু করবে ‘গাঙচিল’।
১৫তম বিমান হিসেবে তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গত ২৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হয়।